নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : স্বাধীনতাযুদ্ধে বিরোধীতাকারী জামায়াতে ইসলাম কে এই দেশের মানুষ ভোট দেবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার ৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের নির্বাচনী জনসভায় বোদা উপজেলা ধানহাটি মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম পাকসেনাদের সহযোগিতা করেছিল। তারা এ দেশের মানুষের কল্যাণ চায়না বলেই বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে। বাংলাদেশের মানুষ এমন কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেনা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনাই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম দলটি আমাদের সাথে জোটে ছিল কিন্তু আমরা তাদের বুঝতে পারতাম না। পত্রিকায় দেখলাম হেফাজতের আমীর বলেছে জামায়াতে ইসলামকে ভোট দেয়া জায়েজ নয়। চরমোনাই পীরসাহেব তাদের থেকে বেরিয়ে বললেন, এর চেয়ে মিথ্যাবাদী দল আর নেই। আমাদের বলতে হয়না তাদের সাথে যারা ছিলো তারাই বলছে দলটি কেমন।
মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। একটা উদীয়মান অর্থনীতির দেশকে বিগত সরকার অর্থনৈতিক ভাবে শেষ করে ফেলেছে। বিএনপি বাংলাদেশের একমাত্র পরিক্ষিত দল যারা উন্নয়নে কাজ করেছে। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে। সেই লক্ষ্যে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করেছে।
এ সময় তিনি পঞ্চগড় ২ আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবাইকে ভোট দেয়ার আহবান করে বলেন, ৫ আগষ্টের আগে অনেকে বলেছিল অনেক মানুষ মারা যাবে কিন্তু তেমন কোন ঘটনাই সারা দেশে ঘটেনি। বরং ৫ তারিখের পর এই আজাদ সনাতন ধর্মের মানুষকে সহ এই এলাকার মানুষকে আগলে রেখেছে। আপনারা তাকে পঞ্চগড় দুই আসনে জয়যুক্ত করলে আগামী দিনেও আপনাদের সুখে দুখে পাশে থাকবে বলে বিশ্বাস করি।
এর আগে তিনি একই প্রার্থীর ধানের শীষের নির্বাচনী প্রচারণায় দেবীগঞ্জ উপজেলার দেবদ্বারুতলা মাঠে প্রধান অতিথির ভাষণ দেন।