তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগে মরম আলী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটক মরম আলী ওই গ্রামের প্রয়াত হবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে আসামি শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। বিষয়টি দেখতে পেয়ে শিশুটির মা চিৎকার শুরু করলে মরম আলী পালিয়ে যায়। স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসায় নির্যাতনের আলামত ধরা পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার পরদিন সোমবার শিশুটির বাবা বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।