তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জে যৌতুকলোভী নির্যাতনকারী স্বামী কারাগারে থাকা সত্ত্বেও শ্বশুরবাড়ির হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এক সন্তানের জননী। বুধবার ১০ জুন দুপুরে সুনামগঞ্জ পৌর বিপণীবিতানের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী স্ত্রী তাহমিনা আক্তার। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তাহমিনা আক্তার জানান, তিনি দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের কন্যা। ২০২১ সালের ১৯ মে একই উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র ফয়সল আহমদের সাথে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই ফয়সল তার ওপর ক্রমাগত যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। নির্যাতনের মাত্রা সইতে না পেরে তাহমিনা প্রথমে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইডে অভিযোগ দায়ের করেন। কিন্তু স্বামী ফয়সল সেখানে হাজিরা দেয়নি। বাধ্য হয়ে পরবর্তীতে তিনি দোয়ারাবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নিয়মিত মামলা (মামলা নং- ১৬৭/২৬ ইং) দায়ের করেন। উক্ত মামলায় গত সপ্তাহে জামিন আবেদন করে আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে ফয়সলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তাহমিনা আক্তার আরও জানান, মূল অভিযুক্ত স্বামী বর্তমানে কারাগারে থাকলেও তার শ্বশুর আব্দুল আজিজের মাধ্যমে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। জেল থেকে জামিনে বেরিয়ে এসে সন্তানকে কেড়ে নেওয়া হবে এবং তার বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি ও তার শিশু সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী এই নারী ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।