পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি স্থাপনা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থাপনাগুলো ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন নির্মাণ, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্রাক নির্মাণ, ৪কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, ৩কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা খামার ভবন নির্মাণ, ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা নির্মাণ।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ড. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: ওবায়েদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান আজকের এ আনন্দময় মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ একযোগে আমরা ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোন বিকল্প নেই। আজ যে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হলো তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন স্হাপনা নির্মাণ করা হবে। তিনি এ প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, অবকাঠামো তৈরী করলেই দায়িত্ব শেষ হয় না, এ রাষ্ট্রীয় সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষন এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. বি.এম সাইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।