ইনসাফ ডেস্ক : ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন। এছাড়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা রবিবার ৫ এপ্রিল জানিয়েছেন, রবিবার একটি ছোট নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন।
দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানায়, উদ্ধারের পর তাদের সবাইকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।