মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ে ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি। তাঁর আমন্ত্রণে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নির্যাতিত ও মামলা-হামলার শিকার নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক সংগ্রাম ও দলের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন নেতাকর্মীকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তাজুল ইসলামও সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে হয়রানি ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ত্যাগ ও অবদান বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দলের দুর্দিনে যারা সাহসিকতার সঙ্গে রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবেই এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।