কুমিল্লা প্রতিনিধি : বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।
বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক মিস রোজি আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক গ্রাহক ভূতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের শিকার হচ্ছেন। সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত, ভূতুড়ে বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
১১ দলীয় ঐক্যের নেতারা আশা প্রকাশ করেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।