শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:৫৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার ১ লা সেপ্টেম্বর দুপুরে শাল্লা কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিএনপি কার্যালয় থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, ১ম যুগ্ম আহ্বায়ক আউয়াল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই ও আব্দুল করিম (মাস্টার)।
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল মজিদ, সাবেক ছাত্রদল সভাপতি সাইফুর রহমান, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী।
ইউনিয়ন বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ তালুকদার, হবিবপুর ইউনিয়নের আল আমিন, বাহাড়া ইউনিয়নের সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়নের আবু সাঈদ এবং ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও রুমান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।
দেশে বহুদলীয় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেন। জন্মলগ্ন থেকেই বিএনপি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, মানুষের অধিকার রক্ষা এবং সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে।”
বক্তারা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।









