স্টাফ রিপোর্টার : শিশু রামিসা হত্যার বিচার এবং আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যাত্রী সেবা কল্যাণ সমিতি। রবিবার ২৪ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল আজিজ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান।
বক্তারা শিশু রামিসার পৈশাচিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। একই সঙ্গে দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারা সিরিয়াল কিলার রসু খাঁ, ওসি প্রদীপ, নারায়ণগঞ্জের সেভেন মার্ডার, তনু হত্যা, সাগর-রুনি হত্যা ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
মানববন্ধনে নেতৃবৃন্দ আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, নির্বিঘ্ন যাতায়াত, যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম আহম্মেদ, সহ-সভাপতি শামীম আরা, সহ-সভাপতি আব্দুল জলিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম, আবুল বাশার শেখ, নূর হোসেন দেলু, বিন ইয়ামিন, অলিউল্লাহ তুহিন ও নাহিদুর রহমান পুতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।