পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ১৫ জুলাই সকাল সাড়ে ১১ টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০)। তিনি খাদিমুল ইসলামের ছেলে। অপরজন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১ টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৃথক দুটি বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।