কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট অভিযানে বাধা ও হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার ১৫ আগস্ট নগরীর ইসলামপুর এলাকায় অবৈধ দখল ও অনিয়ম উচ্ছেদে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, চাপাতি ও রামদা নিয়ে মোবাইল কোর্টের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দিকে এগিয়ে আসেন। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারা হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
পরে ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং একজনকে আটক করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীর অবৈধ দখল, অনিয়ম এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়া বা মোবাইল কোর্টের ওপর হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।