কুমিল্লা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব ময়নামতি।
মঙ্গলবার ২৫ আগস্ট বিকেল ৪টায় ঝাউতলাস্থ পানি ভবন চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
রোটারি ক্লাব ময়নামতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো), কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ রাশেদ শাহরিয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমিল্লা পওর উপ-বিভাগ-১, বাপাউবো মোহাম্মদ আশরাফুজ্জামান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাহিদ রানা, এনসপি কুমিল্লা মহানগরের সদস্য সচিব ও ক্লাব মেম্বার রো. মাসুমুল বারী কাওসার, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, পানি উন্নয়ন বিভাগের কর্মচারী সমিতির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, রোটারি ক্লাব ময়নামতির প্রেসিডেন্ট রোটারিয়ান কেএম শামীম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটারিয়ান সুলতান মো. ইলিয়াত সোহা, বিকাশ চন্দ্র সাহা, আবু আকমান মাসুদ মজুমদার, আবুল বাশার, মো. শহীদ, মনিরুল ইসলাম শাওন, আবু তাহের তপন, মো. শাহিনুর ইসলামসহ অন্যান্য রোটারিয়ান, রোটারেক্টর, ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহৎ কাজ। রোটারি ক্লাব ময়নামতি মানবসেবার যে উদ্যোগ গ্রহণ করেছে, এজন্য তাদের সাধুবাদ জানাই। রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমাদের কাজও মানবসেবা করা, রোটারিও মানবসেবার কাজ করে আসছে। আমরা সবাই একই পথের পথিক।”
তিনি আরও বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় আমরা কুমিল্লাকে একটি গ্রীন ও ক্লিন সিটিতে রূপান্তরিত করতে চাই।”
প্রোগ্রাম চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, “বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও বর্তমানে আমরা মূলত গ্রীষ্ম ও শীতের তীব্রতা বেশি অনুভব করছি।
নগরায়নের ফলে কুমিল্লায় দিন দিন বৃক্ষের সংখ্যা কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবেশের ওপর। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে।”
তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা কুমিল্লাকে সবুজ নগরীতে রূপান্তর করতে চাই। প্রতিটি বহুতল ভবনের ছাদেও বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া জরুরি।”
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ কুমিল্লা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।