৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা
- আপডেট সময় : ০৮:২২:০৩ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লা নগরীতে প্রচার-প্রচারণা শুরু করেছে ১১ দলীয় জোট।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় নগরীর টাউন হল গেইট এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন জোটের নেতাকর্মীরা।
পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও কান্দিরপাড় এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা লংমার্চের উদ্দেশ্য ও কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগরের সদস্য সচিব মাসুকুল বারী কাউছার, এবি পার্টির কুমিল্লা মহানগরীর সভাপতি গোলামু মুহা. সামদানী, জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ ১১ দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে কুমিল্লাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।










