তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১৬ মে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদ। এ সময় শাল্লা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘চার ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট সুইটমিটকে এক হাজার টাকা এবং ‘সকাল সন্ধ্যা হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে আরও এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। তিনি আরও জানান, আসন্ন ঈদের পর পুনরায় অভিযান পরিচালনা করা হবে। তখন একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও বড় অঙ্কের জরিমানা ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।