মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২:০১:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ আগস্ট জোহরের নামাজের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মধ্যনগর উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্যনগর বাজারের হাইস্কুল রোডে গিয়ে শেষ হয়।
পরে হাইস্কুল রোডে মো. গোলাম জিলানী সাহেবের ঘরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, কর্মময় জীবন, মানবতা, শান্তি, ভ্রাতৃত্ব ও তাঁর মহান আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ, মধ্যনগর উপজেলা, সুনামগঞ্জ।










