শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

হাওরপাড়ের নতুন ইতিহাস : সিলেট বিভাগীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শাল্লার স্পর্শিতা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। একের পর এক সাফল্যের সিঁড়ি টপকে ব্যাডমিন্টনের আঙিনায় নতুন ইতিহাস গড়লেন শাল্লা সদরের শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী স্পর্শিতা তালুকদার। সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের পর আজ সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও স্পর্শিতা প্রথম স্থান (চ্যাম্পিয়ন) অধিকার করেছে। বিভাগীয় পর্যায়ের এই বিজয়ের মাধ্যমে সে এখন সরাসরি জাতীয় পর্যায়ের লড়াইয়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল।

সাফল্যের নেপথ্যে অদম্য প্রাণশক্তি ; শাল্লার হাওরপাড়ের নাইন্দা গ্রামের সন্তান স্পর্শিতা। তার বাবা রাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র তালুকদার এবং মা শাল্লা শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপড়ি সরকার। তাদের সন্তান স্পর্শিতার এই অবিস্মরণীয় সাফল্যে গর্বিত পুরো জেলা। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ বিভাগীয় পর্যায়ে জয়ের মুকুট মাথায় পরেও সবার আগে ফোনে তার প্রিয় শিক্ষকদের সাথে সেই আনন্দের মুহূর্ত শেয়ার করে নেয় স্পর্শিতা। ফোনের অপর প্রান্তে তার কণ্ঠের উচ্ছ্বাস আর আবেগঘন অনুভূতি ছিল সত্যিই হৃদয়স্পর্শী।

বাবা-মায়ের অনুভূতি, মেয়ের এই অনন্য সাফল্যে উচ্ছ্বসিত বাবা লিটন চন্দ্র তালুকদার ও মা পাপড়ি সরকার। তারা বলেন,  “স্পর্শিতা ছোটবেলা থেকেই যেকোনো কাজে খুব মনোযোগী ও পরিশ্রমী। হাওর অঞ্চলের সীমাবদ্ধতার মধ্যেও সে যে মনোবল দেখিয়েছে, তা আমাদের আজ গর্বিত করেছে। আমরা চাই সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দেশের মুখ উজ্জ্বল করুক। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। জাতীয় পর্যায়েও যেন সে ভালো করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।”

শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল বলেন, “আমি ব্যক্তিগতভাবে আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্পর্শিতার এই অর্জন কেবল আমাদের বিদ্যালয়ের নয়, বরং পুরো শাল্লা তথা সুনামগঞ্জের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সীমাবদ্ধ সম্পদের মধ্যেও ইচ্ছাশক্তি থাকলে যে সাফল্য পাওয়া যায়, স্পর্শিতা তার প্রমাণ। সে অত্যন্ত সুশৃঙ্খল এবং একাগ্রচিত্তের একজন শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাকে নিয়ে পোস্ট করছেন, অভিনন্দন জানাচ্ছেন—যা আমাদের এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে একদিন আন্তর্জাতিক পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে।”

সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে স্পর্শিতার পরবর্তী গন্তব্য এখন রাজধানী ঢাকা। জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নিজের সেরাটা দিয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করতে সে বদ্ধপরিকর। হাওরপাড়ের এই অদম্য মেধাবী খেলোয়াড়ের জন্য শুভকামনা জানিয়ে এলাকাবাসী ও তার শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়েও স্পর্শিতা সফলতার এই ধারা বজায় রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031