কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব প্রেসরিলিজে জানায়, গত ১০ আগস্ট রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মো. হাবিবুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,অভিযানে তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
র্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।