সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৮২ গ্রাম সমন্বিত শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ই জুলাই দুপুর ২টায় মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানা শুরু হয়। শত শত ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি মধ্যনগর কেন্দ্রীয় বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ ভক্তরা ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি বরুণ সরকার বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় উৎসব। ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ এবং সকলের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন করা হয়েছে। আগামী সাত দিন পর যথাযোগ্য মর্যাদায় উল্টো রথযাত্রা (ফেরার রথ) অনুষ্ঠিত হবে।”
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শম্ভু রায় বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি ভক্তদের আত্মিক মিলনমেলা। সকল ভক্তের আন্তরিক সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আগামী সাত দিন পর অনুষ্ঠিতব্য উল্টো রথযাত্রায়ও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করছি।”
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও শোভাযাত্রা এলাকায় ধর্মপ্রাণ ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট প্রশাসন, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।