কুমিল্লা প্রতিনিধি : আধুনিক কুমিল্লা সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ মে সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস ড. আসিফ নাঈমুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিজিটাল নাগরিকসেবা, প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা, আধুনিক ট্রাফিক ব্যবস্থা, জননিরাপত্তা ও ফ্রি ওয়াইফাই জোনসহ বিভিন্ন আধুনিক সেবা চালুর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে ০১৩২৯৬৬৩৩৬৬ নম্বরে একটি হটলাইন সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরবাসী বিভিন্ন নাগরিক সেবা, অভিযোগ ও জরুরি তথ্য দ্রুত জানাতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক নগর ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নাগরিকদের সেবাকে সহজ, দ্রুত ও আধুনিক করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।