কুমিল্লা প্রতিনিধি : নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
অটো, মিশুক ও রিক্সার বিভিন্ন ফি অনলাইনে পরিশোধের সুবিধা চালু করতে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সিটি কর্পোরেশন।
বুধবার ২৯ জুলাই সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অপরদিকে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার (ইনচার্জ), জেনারেল ম্যানেজারের কার্যালয়, কুমিল্লার জনাব মো. গোলাম ছিদ্দিক।
চুক্তির আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ব্যবহারের মাধ্যমে অটো, মিশুক ও রিক্সার বিভিন্ন ফি অনলাইনে আদায়ের কার্যক্রম পরিচালিত হবে।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগ বাস্তবায়নের ফলে ফি পরিশোধে নাগরিকদের ভোগান্তি কমবে।
পাশাপাশি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় যুক্ত হবে নতুন মাত্রা।