গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন
- আপডেট সময় : ০৯:২০:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মধ্যনগর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনি তৎপরতা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেল ৪টায় দুগনই গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম শহীদের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুগনই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুলা মিয়া। সভা সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম।
সভায় দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিকতা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন এম শহীদ। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং আবেগ সামলাতে না পেরে মাটিতে বসে পড়েন। পরে উপস্থিত গ্রামবাসী তাঁকে সান্ত্বনা দেন। এ সময় কয়েকজন তাঁকে টাকার মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও দুগনই গ্রামের কৃতী সন্তান হাজী জহিরুল ইসলাম তালুকদার (মাস্টার)। প্রধান বক্তা ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আওয়াল তালুকদারের ছেলে ওয়াসিফ ইরতিজা আলভী।
এ ছাড়া বক্তব্য দেন রুহুল আমিন তালুকদার রব, ব্যবসায়ী লিটন তালুকদার, যুবদল নেতা তোয়াসিন আহম্মেদ, সিএনজি স্ট্যান্ডের সভাপতি শামছুল ইসলাম, শেখ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় এম শহীদ বলেন, “আমি চাই, গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে যাঁকে সমর্থন করবেন, আমি তাঁর পাশেই থাকব। আপনারা যদি আমাকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন, তাহলে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আর অন্য কাউকে সমর্থন করলে তাঁর হয়েই কাজ করব। তাঁকে সহযোগিতা করতে আমার শ্রম, অর্থ ও সামর্থ্য—সবটুকু দিয়ে পাশে থাকব।”
গ্রামবাসীর ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, জীবনে মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছেন কি না, তা তাঁর মনে পড়ে না। উপস্থিত মানুষের অকৃত্রিম ভালোবাসা তাঁকে আবেগাপ্লুত করেছে বলেও জানান তিনি।



















