ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির তলবি সভা সাতক্ষীরা বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল, খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন ইসলামী আন্দোলন মেয়র প্রার্থীর বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা, আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ প্রবাসে আনিসুরের মৃত্যু, মরদেহের অপেক্ষায় দুই সন্তান গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১ জন পাশের হার শূন্য পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০৩ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আর্থিক অনিয়ম, ব্যাংক হিসাব থেকে অনুমোদন ছাড়া টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেয়া এবং অধ্যক্ষকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া, ট্রাস্টের সেক্রেটারি আলী হোসেন ও সোহেল মিয়াসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন।

এ ঘটনায় সম্পত্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যক্ষ। এর আগে গত ১৯ অক্টোবর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যক্তিগত কক্ষের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগে মধ্যনগর থানায়ও লিখিত অভিযোগ করেন তিনি।

অধ্যক্ষের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছেন। তাঁর দাবি, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ, যা উপজেলায় সর্বোচ্চ। ওই বছর একজন শিক্ষার্থী জিপিএ-৫ এবং দুজন জুনিয়র বৃত্তি লাভ করে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৯ দশমিক ২৩ শতাংশ। এ বছর সাতজন জিপিএ-৫ এবং চারজন গোল্ডেন জিপিএ অর্জন করে।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হলেও সেখানে প্রচলিত বিধিবিধান উপেক্ষা করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানের মাঠে সরকারি অনুমতি ছাড়া গরুর হাট বসিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। হাটের ইজারা বা আয় থেকে প্রতিষ্ঠানের হিসাবে সামান্য টাকা জমা দেখিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগও করেছেন অধ্যক্ষ।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, আলী হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের মোহনগঞ্জ শাখায় প্রতিষ্ঠানের হিসাব থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে নিজের কলমাকান্দার ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। এ ছাড়া একই বছরের ২৯ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকে প্রতিষ্ঠানের সাধারণ তহবিল থেকে চার দফায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ সব টাকা উত্তোলনে পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও ব্যয়ের অনুমোদন ছিল না বলে অভিযোগে দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়ার বিরুদ্ধেও বড় অঙ্কের টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ জানুয়ারি একই দিনে তিন দফায় ১৫ লাখ টাকা এবং পরবর্তী সময়ে বিভিন্ন তারিখে আরও ৮ লাখ ৪৫ হাজার টাকা উত্তোলন করা হয়। সব মিলিয়ে ২৩ লাখ ৪৫ হাজার টাকা উত্তোলন করা হলেও এসব অর্থ ব্যয়ের বিষয়ে কমিটির অনুমোদন ও প্রয়োজনীয় ভাউচার পাওয়া যায়নি বলে দাবি করেছেন অধ্যক্ষ।

এ ছাড়া জমি ক্রয়, বিদ্যুৎ মিটার স্থাপন, ট্রাস্টের কাজে অর্থ প্রদান, সীমানাপ্রাচীর নির্মাণ ও বিভিন্ন কর্মসূচির নামে টাকা নেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ ভাউচার জমা দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব লেনদেনের মধ্যে সোহেল মিয়ার বিরুদ্ধে একাধিক দফায় টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ট্রাস্টের হিসাবে জমা হওয়া ১ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন অধ্যক্ষ।

অভিযোগে আরও বলা হয়, সভাপতি দীর্ঘদিন প্রতিষ্ঠানের সভায় উপস্থিত না থেকেও তাঁর অনুপস্থিতিতে ভাগ্নে আলী হোসেন স্বাক্ষর জাল করে সভাপতির দায়িত্ব পালন করেছেন। অধ্যক্ষের দাবি, বিষয়টি জানার পর আর্থিক অনিয়মের তথ্যপ্রমাণ আড়াল করতে তাঁর অফিসকক্ষের আলমারির তালা ভেঙে হিসাবসংক্রান্ত কাগজপত্র, ডায়েরি, রেজুলেশন বই, এফডিআর, শিক্ষার্থীদের সনদপত্র এবং বিভিন্ন অধিদপ্তরের ওয়েবসাইটের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি তাঁর ব্যক্তিগত আবাসিক কক্ষের তালা ভেঙে ব্যক্তিগত নথিপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অধ্যক্ষের আরও অভিযোগ, তাঁকে কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি সংযুক্ত করে সাময়িক বরখাস্তের চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তিনি, তাঁর স্বজন ও শিক্ষকসমাজের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।

অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন বলেন, প্রতিষ্ঠানে যোগদানের পর শিক্ষার মানোন্নয়নে কাজ করেছি। কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের বিভিন্ন তথ্যপ্রমাণ জানার পর থেকেই আমাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেওয়ার ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে ট্রাস্টের সেক্রেটারি আলী হোসেন বলেন, আমার নামে কোনো ব্যাংক হিসাব নেই। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব প্রধান শিক্ষক ও সভাপতির নামে। আমার নামে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের কোনো ব্যাংক হিসাব নেই। তাহলে আমি টাকা উত্তোলন করব কীভাবে? অগ্রণী ব্যাংকে উপবৃত্তির কিছু টাকা একবার স্থানান্তর হয়েছিল, সেই টাকা আমি পরিশোধ করে দিয়েছি। আমি টাকা না দিয়ে থাকলে কমিটি অভিযোগ করবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বর্তমানে অভিযোগটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :