বগুড়ায় খনন প্রকল্পের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর সফর এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’-এর কাজের প্রস্তুতি এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রবিবার ১ লা নভেম্বর বগুড়া শহরের এসপি ব্রিজ এবং লাহিড়ীপাড়া ইউনিয়নের গৌরিদাসপুর সংলগ্ন লাহিড়ীর হাট এলাকায় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফরস্থল ও প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের কারিগরি মান ও যথাযথ পরিকল্পনা বজায় রেখে কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, দেশের নদী-নালা ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার জাতীয় অগ্রাধিকারের অংশ হিসেবে কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ তিনটি নদী—করতোয়া, ইছামতি ও গজারিয়া এবং সংশ্লিষ্ট খালের নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে একনেকে প্রায় ১ হাজার ৯৪ কোটি টাকার একটি মেগা বাজেট পাস হয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ২৯৪ কিলোমিটার খনন করা হবে, যার মধ্যে প্রথম ধাপে ৬ কিলোমিটার কাজের মাধ্যমে চলতি মাসেই এই খননকাজ শুরু হতে যাচ্ছে।
ইতোমধ্যেই বগুড়া সদর উপজেলায় ৪.৫ কিমি, শাজাহানপুর ২.৫ কিমি, শেরপুর ৪ কিমি এবং শিবগঞ্জ ৫ কিমি নদী পুনঃখননের জন্য প্রয়োজনীয় সরকারি দরপত্র আহ্বান করা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিক ধাপে চার উপজেলায় ১৬ কিলোমিটার নদী খননের জোরালো পরিকল্পনা ও প্রস্তুতি চলছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর নদীর প্রাণ ফিরলে দেশের অর্থনীতি ও জনজীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।” তিনি আরও উল্লেখ করে বলেন, বর্তমান সরকার সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধারের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা দেশের বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতে এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
বগুড়া অঞ্চলের অর্থনীতি ও জীবিকার সাথে করতোয়া ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের পলি, দখল ও দূষণ দূর করে বগুড়া শহরকে স্থায়ীভাবে নদীভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। খুব শীঘ্রই যেকোনো দিন প্রধানমন্ত্রী এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,।বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রুহুল আমিন সহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

















