বাংলাদেশের রাজনীতিতে যুবদলের ভূমিকা দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৬:১১ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশগঠনে বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে। যারা সংগঠনের কাজ না করে পদ পদবি নিয়ে ভাবছেন ‘মুই কি হনুরে’ তারা বোকার স্বর্গে বাস করছেন।
শনিবার ৩১ অক্টোবর বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জাতীয়তাবাদী যুবদল এ দেশের সকল আন্দোলন সংগ্রাম সহ দেশ গঠনে যে ভূমিকা পালন করছে তা ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে লিখা থাকবে। কিন্তু সংগঠনের কাজ সঠিকভাবে না করে যারা শুধু নেতামী করে বেড়ায় যুবদল সহ তারেক রহমানের বিএনপিতে তাদের কোন জায়গা হবেনা। সংগঠনকে গতিশীল করতে যুবদলের নেতাকর্মীদের যুব সমাজের কাছে যেতে হবে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে দেশ গড়ার আহবান পৌঁছে দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান বিরোধীদল সামাজিক মাধ্যমে যেভাবে প্রপাগাণ্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই সম্পর্কে দেশের মানুষকে সচেতন করে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দিতে হবে।
তিনি এ সময় ঠাকুরগাঁও উপনির্বাচনের উদাহরণ টেনে বলেন, এই নির্বাচনে সামাজিক মাধ্যম ফেসবুকে বিরোধীদল যেভাবে গুজব রটিয়ে নেটওয়ার্কিং এর মাধ্যমে মব সৃষ্টি করেছিলো যেনো সেখানে বিএনপি নামের দলটির কোন জনসমর্থনই নেই, সব ভোটার দাড়িপাল্লায় ভোট দিতে উন্মুখ। কিন্তু নির্বাচনের দিন দেখা গেলো অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিলো এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের চেয়ে অনেক বেশী ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক জয়যুক্ত হলো। এইযে গুজব, মবতন্ত্র এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে যুবদলকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সাংগঠনিক ব্যার্থতার কারণে বোদা পৌরসভা সহ তিনটি ইউনিয়ন যুবদলের কমিটি বাতিল করা হয়েছে। নেতাকর্মীদের কোন ধরনের সাংগঠনিক দূর্বলতায় সরকারের ইমেজ ক্ষুণ্ণ হলে কাউকে ক্ষমা করা হবেনা বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আরও বলেন, সরকারের আট মাসে তারেক রহমানের কর্মকাণ্ড মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। সরকারি উন্নয়ন মূলক সকল কর্মকাণ্ড দলীয় বিবেচনায় না নিয়ে দল মতের উর্দ্ধে প্রাপ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ফলে সকল জাতি ধর্মের মানুষকে নিয়ে আধুনিক বাংলাদেশ বির্নিমান করাই হবে এখন বিএনপি নেতাকর্মীদের মূল লক্ষ্য।
বোদা উপজেলা যুবদলের আহবায়ক এলাহি কুদরত সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এসময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ পৌরসভা ও দশটি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











