বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের গাড়ি চালককে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় (২৬) নামে এক ভূটানের ট্রাক চালককে মারধর করার অভিযোগ উঠেছে মো. জীবন ইসলাম (২৫) নামে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে এঘটনার পর প্রায় ঘন্টাখানেক বন্দরে আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে।
মারধরের শিকার ট্রাক চালক প্রতীক রায়ের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গং থানার দল সিংপাড়া এলাকায় তিনি ওই এলাকার উত্তম রায়ের ছেলে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, রবিবার দুপুর একটার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশের সময় গাড়ি সামনে পেছনে নেয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে ভুটানের ওই চালক প্রতীক রায়কে মারধর করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডে সিকিউরিটি গার্ড জীবন। পরে ভুক্তভোগী ওই চালক সহ ভুটানের ২০-২৫ জন চালক বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টে যান বিএসএফের কাছে অভিযোগ করার জন্য।
এ সময় তারা উত্তেজিত হন। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মিরাজুল ইসলাম তাদের বুঝিয়ে স্থলবন্দর এলাকায় পাঠিয়ে দেন। পরে তিনি বিষয়টি সমাধানের জন্য বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডে ম্যানেজারকে জানান।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস সহ একটি পুলিশের দল ঘটনাস্থলে ছুঁটে যান।
পরে অভিযুক্ত ওই সিকিউরিটি গার্ড এ বিষয়ে নিজের ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাদের দুইজনকে হাত মিলিয়ে এবং কোলাকুলি করে সমাধান করে দেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত স্থলবন্দরের সিকিউরিটি গার্ডের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় দুইজনই আহত হয়। দুইজনকে মিলিয়ে দেয়া হয়েছে। এ সময় এক ঘন্টার মতো আমদানী-রপ্তানী বন্ধ ছিল। পরে বিষয়টি স্বাভাবিক করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাশ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পরিবেশ শান্ত হওয়ার পর ওই সিকিউরিটি গার্ডের ভুল হয়েছে বলে সে ক্ষমা চান। পরে দুই পক্ষের সাথে কথা বলে মিলিয়ে দেয়া হয়েছে৷ পরিবেশ এখন শান্ত রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, ভূটান ট্রাকের ওই চালক ও বন্দরের সিকিউরিটি গার্ডের মধ্যে ঘটনার পর ভূটানের চালকরা বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা ভূটানের চালকদের স্থলবন্দরে যেতে বলেন এবং বন্দর ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য বলেন। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।




















