কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫২:১০ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক মা। তবে বিরল এই আনন্দের খবর মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছে চার নবজাতক। বর্তমানে একটি নবজাতক মৃত্যুর সঙ্গে লড়ছে।
জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকার সৌদি প্রবাসী তারেকুল ইসলাম তারেকের স্ত্রী কুমিল্লার মক্কা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে ছিল দুই ছেলে ও তিন মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই পাঁচ নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসকদের মতে, নির্ধারিত সময়ের আগেই প্রায় ছয় মাসে জন্ম নেওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে।
এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে চার নবজাতকের মৃত্যু হয়। বর্তমানে একটি নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা চালিয়ে যেতে পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নবজাতকটিকে বাঁচাতে সরকারি সহযোগিতা পেলে চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে।
এদিকে, কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের ঘটনা বিরল হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।




















