কুমিল্লা প্রতিনিধি : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে কুমিল্লা শিক্ষা অঞ্চল কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ জুলাই কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ও কুমিল্লা শিক্ষা অঞ্চল কমিটির প্রধান পৃষ্ঠপোষক ড. মো. জিয়াউদ্দীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার আনিসুজ্জামান, বিপিএম (সেবা) এবং জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মাঠ ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয়, খেলোয়াড় ও কর্মকর্তাদের সুযোগ-সুবিধা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্টরা প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।