১৫ আগস্ট কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কায় শাল্লার সাবেক ভাইস চেয়ারম্যান অপু গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:০৪:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে শাল্লা পুলিশ।
বুধবার ১২ আগস্ট মধ্যরাতে শাল্লা সদর এলাকা থেকে নিজ বাসায় ফেরার পথে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অরিন্দম চৌধুরী অপু উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্টের পায়তারার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মধ্যরাতে অভিযান চালিয়ে অপুকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অপপ্রয়াস রোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















