টাঙ্গুয়ার হাওরে অবৈধ প্রবেশ ও পরিবেশ দূষণ : ৬ হাউসবোটকে টাকা জরিমানা
- আপডেট সময় : ০১:০৫:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৪ আগস্ট জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ইসিএভুক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫ লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি হাউসবোটের বিরুদ্ধে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।
এ সময় টাঙ্গুয়ার হাওরে আগত হাউসবোট মালিক, চালক ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানায়, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















