১০ বিজিবির অভিযানে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক
- আপডেট সময় : ১১:৫৬:৫৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এ সব ভারতীয় শাড়ি জব্দ করে।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক এলাকায় বিজিবি টহলদল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করে।
বিজিবি জানায়,জব্দ করা ভারতীয় শাড়িগুলোর সর্বমোট মূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়,আটক করা ভারতীয় শাড়িগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















