টুঙ্গিপাড়ায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
- আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংক কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।
এতে কার্যালয়ের ভিতরে কোন ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। পরে জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এঘটনা ঘটিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী সুজন মোল্লা সহ ৩ জন ব্যক্তি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তখন সুজন বলেন, ইউনূসের মতো কোন স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না। পরে প্রধান ফটকের তালা ভাঙতে চেষ্টা করেন তারা।
গ্রামীন ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটক তালা মেরে আমরা সবাই বাইরে কাজ করছিলাম। পরে দুপুরে পেট্রোলবোমা মারার খবর পেয়ে অফিসে আসি। এতে ভিতরের কোন ক্ষতি না হলে একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। এঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এঘটনা ঘটিয়েছে তারাই আবার ফেসবুকে পোস্ট করেছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















