সুনামগঞ্জের তিন সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার চোরাচালান জব্দ
- আপডেট সময় : ০৭:৫৭:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার মাছিমপুর, চিনাউড়া ও চাঁনপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে চার লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চাঁনপুর সীমান্ত এলাকায় বিওপির সদস্যরা এই পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য চার লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সঙ্গে ভারতের প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের ১৯টি বিওপির মাধ্যমে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদমাধ্যমকে বলেন, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব পালনে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির প্রতিটি সদস্য জেলার বিশাল সীমান্ত সুরক্ষিত রাখতে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর। জব্দকৃত অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



















