মধ্যনগরে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫, গুরুতর ৭
- আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন।
শনিবার ২৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত দুই পক্ষের একটি আমজোড়া গ্রামের নূরে আলম জিকু এবং অপর পক্ষ একই গ্রামের তাঁর আপন মামাতো ভাই জাকিরুল আজাদ মান্নার অনুসারীরা। এ ঘটনায় জলুষা ও আমজোড়া গ্রামের লোকজনও দুই পক্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি জমা দখল নিয়ে জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি জনতা বাজারে নূরে আলম জিকুর একটি ছোট ঘর ভাঙাকে কেন্দ্র করে বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।
জাকিরুল আজাদ মান্নার অভিযোগ, গত ২৭ নভেম্বর রাতে নূরে আলম জিকুর নেতৃত্বে তাঁর বসতবাড়িতে হামলা চালানো হয়। এ সময় নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে নূরে আলম জিকুর নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলুষা গ্রামের জনতা বাজারে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষ শেষে বাড়ি ফেরার পথে নূরে আলম জিকুর লোকজন পুনরায় জাকিরুল আজাদ মান্নার বাড়িতে হামলা চালান।
আহতদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও কয়েকবার তারা সংঘর্ষে জড়িয়েছে। পূর্ববিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্গম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, নূরে আলম জিকু (৪৭) আমজোড়া গ্রামের মৃত আব্দুল হেকিম তালুকদারের ছেলে। তিনি একজন ব্যাটালিয়ন আনসার সদস্য। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ১৯১৩৩৫৪১।




















