গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু
- আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ১৩ ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি পর্যাপ্ত ওষধ ও ইনজেকশন সরবরাহ করছে সেন্টারটি ।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি নতুন করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে প্রশাসন। এ সব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে ৭৫ টাকায় ইসিজি, ৫৫ টাকায় ডায়াবেটিস পরীক্ষা, ২৯৫ টাকায় লিপিড প্রোফাইল, ৫৫ টাকায় এস. বিলিরুবিন (টোটাল), ৬৫ টাকায় এসজিপিটি ও এএলপি, ৩৫ টাকায় সিরাম ক্যালসিয়াম, ৯৫ টাকায় সিরাম অ্যালবুমিন, ৪৫ টাকায় এস. ক্রিয়েটিনিন, ৬৫ টাকায় রক্তের গ্রুপ নির্ণয়, ১০০ টাকায় ডেঙ্গু এনএস ১ অ্যান্টিজেন টেস্ট, এস. ইউরিক অ্যাসিড এবং ২৮০ টাকায় সিবিসি টেস্ট করা যাবে।
এখন থেকে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় (একাউন্ট নং: ০২০০০২৩৫৭৫৪০৫) ফি জমা করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরাও সেবা গ্রহণ করতে পারবেন।
এ ছাড়াও প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল, ওমিপ্রাজল, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন, ডক্সিসাইক্লিন, আয়রন, ভিটামিন সি, ওআরএস ট্যাবলেটের পাশাপাশি ওমিপ্রাজল, ওরাডল, কটসন, ল্যাসিক্স, অনডানসেট্রন, ডেক্সামেথাসোন, এভিল ও স্যালাইন (ডিএনএস, ডিএ, এন/এস, সি/এস) ইনজেকশনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।










