কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ মামলায় আসামি মোবারকের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৬:৫৭:০৬ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা এবং তাঁর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার ১১ নভেম্বর দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত জানায়, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া জাহান রিন্থীর মৃত্যুর ঘটনায় আসামিকে দুই লাখ টাকা এবং তাঁর মা তাহমিনা বেগমের মৃত্যুর ঘটনায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ দুই হত্যাকাণ্ডের ঘটনায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁকের কথা বলে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।
এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তী সময়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তিনি।
মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৬ সালের ২০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করে আদালত এ রায় ঘোষণা করেন।




















