টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ম্যাথ ক্লাবের ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন মিজানুর রহমান ইমন এবং জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম হোসেন।
কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোসা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী। এ সময় গণিত বিভাগের অন্যান্য শিক্ষক এবং ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সভাপতি: প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী (চেয়ারম্যান, গণিত বিভাগ), কোষাধ্যক্ষ: আলি আহমেদ লিমন, ইভেন্ট ম্যানেজার: অজয় ভৌমিক, স্পোর্টস সেক্রেটারি: মঈন উদ্দিন, প্রচার সম্পাদক: মেহেরুন আক্তার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সিয়াম, মোছা. নুসরাত জাহান, আশরাফুল ইসলাম, মো. আলি হোসেন, তাবাসসুম জান্নাত মেঘলা, মাহফুজুর রহমান, পার্থ সাহা এবং সুমাইয়া জাহান অর্পণা।
নবনির্বাচিত ভিপি মিজানুর রহমান ইমন বলেন, “ম্যাথ ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও দায়িত্বের বিষয়। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা, বিভাগ ও ক্যাম্পাসে ইতিবাচক কার্যক্রম পরিচালনা এবং জ্ঞানচর্চা ও দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন বলেন, “গণিত শুধু একটি একাডেমিক বিষয় নয়, বরং আধুনিক বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের ভিত্তি। ম্যাথ ক্লাবকে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব এবং সবার সহযোগিতায় ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা সংগঠনে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”
নতুন কমিটি ঘোষণার আগে বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় ক্লাবের উন্নয়নে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সদস্যদের হাতে সম্মাননা সনদ (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ম্যাথ ক্লাব ভবিষ্যতে গণিতচর্চা, গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।