রুটি খাওয়ার সময় গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:০৫:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধি : রুটি খাওয়ার সময় গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু হয়।
টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের হলুদিয়া চালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনিকা জান্নাত হলুদিয়া চালা গ্রামের সিদ্দিক হোসেনের নাতনি এবং সখীপুর পৌরসভার সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় তার গলায় রুটির একটি খণ্ড আটকে যায়। একপর্যায়ে সে ছটফট করতে থাকলে স্বজনেরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, গলায় রুটির খণ্ড আটকে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।
আনিকার নানা সিদ্দিক হোসেন বলেন, ‘আমার নাতনি পড়ার সময় রুটি খাচ্ছিল। এভাবে সে মারা যাবে বিশ্বাস করতে পারছি না।’
সিদ্দিক হোসেন অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে আসার পথে সখীপুর তালতলা চত্বরে যানজট ছিল। যদি আরও দ্রুত হাসপাতালে আনতে পারতাম তাহলে হয়তো আমার নাতনিকে বাঁচানো যেত।’
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















