পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন
- আপডেট সময় : ১০:১৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে পাওনা টাকার জন্য খোকন (৪২) নামের এক ব্যক্তিকে তিন দিন ধরে কোমড়ে শিকল ও হাতপায়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার বাড়ি রংপুর। তার বাবার নাম আল আমিন। সে জাউনিয়ার চর পূর্ব জালচিড়া পাড়া এক ব্যাবসায়ীর সাথে ব্যবসা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা পরিশোধ না করায় ওই বৃদ্ধকে ভাঙারি ব্যবসায়ী মুরাদ এর বাড়িতে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। এভাবে প্রায় তিন দিন ধরে তিনি শিকলবন্দি ছিলেন।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে। অসুস্থ অবস্থায় তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম জানান, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কেউ কোন অভিযোগ করেনি।



















