জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাগুলোর তদন্ত ও অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও তৎপর, আন্তরিক ও পেশাদার হওয়ার পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পুলিশি তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



















