বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
- আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বগুড়া প্রতিনিধি : বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শিগগিরই বগুড়া সফরে এসে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর বগুড়া সফর প্রসঙ্গে তিনি বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন তিনি। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন এবং জেলার উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।
উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে অস্থির হয়ে পড়ি। তবে উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। একসময় উন্নয়নই বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় বগুড়া একটি অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতার ক্ষেত্রে এ জেলা অত্যন্ত সমৃদ্ধ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্তির কারণে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, বিএনপি নেতা মাহবুবর রহমান হারেজ, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহেদুল ইসলাম হেলাল,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে দৈনিক বগুড়ার ২৪ বছরের পথচলা, সাংবাদিকতার বিকাশ এবং জেলার উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।



















