মধ্যনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা
- আপডেট সময় : ০৩:৫২:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ৮২ গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় মন্দির প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে মধ্যনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে ভক্তরা ধর্মীয় সংগীত, শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও বিভিন্ন ধর্মীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় ভক্তদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র্যালিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানার এসআই উৎপল শাহা ও এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করেন। পুলিশের সার্বিক সহযোগিতায় র্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
মন্দির কমিটির সভাপতি বরুণ সরকার বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আমাদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
মন্দির কমিটির সাধারণ সম্পাদক শম্ভু রায় বলেন, “শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রেরণা দেয়। সকলের অংশগ্রহণে জন্মাষ্টমীর এই আয়োজন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।




















