১৫০০ টাকার ভাতার লোভ সামলাতে পারলেন না মির্জাগঞ্জ উপজেলা সম্পাদক
- আপডেট সময় : ০৭:৫৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মৎস্য চাষ বিষয়ক সরকারি প্রশিক্ষণে অংশ নিয়ে ১ হাজার ৫০০ টাকা ভাতা নেয়ার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সিকে ঘিরে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ চাষি ও বেকার যুবকদের দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার অংশগ্রহণ ও সরকারি ভাতা পকেটে পোড়ার বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় গত ৫ ও ৬ অক্টোবর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মৎস্যচাষিদের আধুনিক মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ ও রোগ প্রতিরোধের কৌশল শেখানোর কথা ছিল।
নিয়মানুযায়ী প্রকৃত মৎস্যচাষি ও উদীয়মান যুবকদের সুযোগ দেয়ার কথা আছে। উপজেলা বিএনপির কাছেও তালিকা চেয়েছিল মৎস অফিস। কারো নাম না দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি নেতা হারুন অর রশিদ মুন্সি প্রশিক্ষণার্থী হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন এবং দুই দিনের নির্ধারিত ১,৫০০ টাকা ভাতা গ্রহণ করেন।প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ মুন্সি বলেন, “বিষয়টি আমি সঠিকভাবে জানি না। মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলুন, “আমি ডেইলি কান্ট্রি মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি তাই সাংবাদিক হিসেবে সেখানে গিয়েছি এবং ভাতা নিয়েছি।”
প্রশিক্ষণে বিএনপি নেতার অংশগ্রহণের বিষয়ে জানতে চইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, “হারুন মুন্সি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন না। তিনি চাষি হিসেবে উপস্থিত ছিলেন, কারণ তার পুকুর রয়েছে।”
তবে অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কোর্টপাড়ার ছয়তলা ভবনের পেছনে হারুন মুন্সির নিজস্ব বাসভবন রয়েছে। তবে সেখানে কোনো পুকুর নেই, এমনকি তার নিজের নামে কোথাও লিজ নেয়া কোনো পুকুর বা মৎস্য খামারও নেই। মাছ চাষের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও একজন জ্যেষ্ঠ নেতার সাধারণ চাষিদের ভাতা নেয়ার ঘটনাকে স্থানীয়রা “১৫০০ টাকার ভাতার লোভ” হিসেবেই দেখছেন।



















