পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২১:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩ অক্টোবর বিকেল ৪টায় আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দুমকি থানা ২নং বিট পুলিশিং এর উদ্যোগে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল্লাহ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড মেম্বার সামিম সিকদার, সমাজ সেবক আবদুস সোবাহান মল্লিক।
সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বন জানান।
এ সময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবুখালী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি খলিলুর রহমান সিকদার, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















