জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
- আপডেট সময় : ০১:৩৩:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ ২১টি মৌলিক দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন-এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত “The Role of Academia-Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization” শীর্ষক সেমিনার এবং “তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা শেষে ইউজিসি সদস্যের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার পর থেকে জাবিপ্রবি উচ্চশিক্ষার প্রসারে ভূমিকা রাখলেও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। প্রায় ১,২০০ শিক্ষার্থীদের বিপরীতে আবাসিক সুবিধা রয়েছে মাত্র ২৫০ জনের (প্রায় ২০.৮৩%), যার ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত বাস ও রুট না থাকায় পরিবহন সংকট, সেন্ট্রাল ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অভাব, প্রকৌশল শাখায় সিভিল ইঞ্জিনিয়ারসহ দক্ষ জনবলের ঘাটতি এবং নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকার বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ২১ দফা দাবি:
১. আবাসন সংকট নিরসন: নতুন আবাসিক হল নির্মাণ ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।
২. শ্রেণিকক্ষ সংকট:নতুন একাডেমিক ভবন নির্মাণ ও স্মার্ট ক্লাসরুম স্থাপন।
৩. গবেষণাগার ও যন্ত্রপাতি:আধুনিক ল্যাব প্রতিষ্ঠা, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগ।
৪. পরিবহন সুবিধা: নতুন বাস সংযোজন, যাতায়াতের রুট বৃদ্ধি ও সময়সূচি পুনর্বিন্যাস।
৫. শিক্ষকদের আবাসন:শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক সুবিধা সম্প্রসারণ।
৬. কেন্দ্রীয় মসজিদ: আধুনিক কেন্দ্রীয় মসজিদ নির্মাণ ও নিয়মিত ইমাম নিয়োগ।
৭. প্রকৌশল শাখা: সিভিল ইঞ্জিনিয়ারসহ দক্ষ কারিগরি জনবল নিয়োগ।
৮. চিকিৎসাসেবা:সার্বক্ষণিক নিজস্ব অ্যাম্বুলেন্স সুবিধা ও মেডিকেল সেন্টার শক্তিশালীকরণ।
৯. একাডেমিক সহকারী:শিক্ষকদের সহায়তা ও মানসম্মত শিক্ষাসামগ্রী তৈরিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ।
১০. পার্কিং সুবিধা:শিক্ষার্থীদের মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য পৃথক ও নিরাপদ পার্কিং।
১১. খেলাধুলা ও সংস্কৃতি:খেলার মাঠ উন্নয়ন, ইনডোর গেমস সুবিধা ও সাংস্কৃতিক সংগঠনের বাজেট বৃদ্ধি।
১২. গ্রন্থাগার আধুনিকায়ন:ডিজিটাল লাইব্রেরি, ই-বুক ও আন্তর্জাতিক গবেষণাপত্রের অ্যাক্সেস নিশ্চিতকরণ।
১৩. ক্যাফেটেরিয়া ও কল্যাণ তহবিল:অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও স্কলারশিপ।
১৪. মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং:পেশাদার কাউন্সেলর দিয়ে শিক্ষার্থী সহায়তা কেন্দ্র গঠন।
১৫. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য: স্যানিটারি সুবিধা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও যৌন হয়রানি প্রতিরোধ সেল কার্যকর করা।
১৬. ক্যাম্পাস নিরাপত্তা:পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সিকিউরিটি গার্ড বৃদ্ধি।
১৭. অবকাঠামো রক্ষণাবেক্ষণ:অভ্যন্তরীণ সড়ক, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ।
১৮. শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ:নিয়মিত একাডেমিক অ্যাডভাইজিং ও যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধি।
১৯. অ্যালামনাই ও কর্মসংস্থান:কেন্দ্রীয় অ্যালামনাই নেটওয়ার্ক ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার্নশিপ চুক্তি।
২০. ডিজিটাল সেবা:প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ও দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা।
২১. ইউজিসির বিশেষ বরাদ্দ:অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সমস্যাগুলো নিরসনে ইউজিসির নীতিগত ও আর্থিক সহযোগিতা।
এছাড়াও শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিও তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদানকালে সাধারণ শিক্ষার্থীরা জানান, এসব মৌলিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গবেষণার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।



















