কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার
- আপডেট সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে কুমিল্লায় প্রায় এক হাজার মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। ‘মানবতার পাশে, আমরা সবাই’—এই আহ্বানকে সামনে রেখে শুক্রবার ১৮ সেপ্টেম্বর বাদ জুমা এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
নকশাঙ্গন ও চাষীয়ানার যৌথ আয়োজনে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুদের মাঝে একবেলার খাবার তুলে দেয়া হয়।
খাবার বিতরণের আগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী এবং প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুরা সমাজের বাইরে কেউ নয়; তারাও সমাজেরই অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো সবার মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।
বক্তারা আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় আয়োজনের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী ছোট ছোট উদ্যোগও একজন মানুষের জীবনে আনন্দ বয়ে আনতে পারে। এ ধরনের কার্যক্রম সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের হাতে একবেলার খাবার তুলে দেওয়ার এ উদ্যোগ শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।



















