শাল্লায় জমি দখল, গাছ কাটা ও ভাঙচুরের অভিযোগে মামলা
- আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি দখল, গাছ কাটা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মো. ময়না মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের রাহুতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৬০) বাদী হয়ে গত ২ নভেম্বর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে বাদীর ভোগদখলীয় সরকারি ১৩৮ নম্বর কবুলিয়ত দলিলমূলে পাওয়া জমিতে অনধিকার প্রবেশ করেন।
সেখানে বাদীর রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কাটা শুরু করলে বাদী ও সঙ্গীয় সাক্ষীরা বাধা দেন।
অভিযোগ করা হয়, ১ নম্বর আসামি ময়না মিয়ার নির্দেশে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র (দা ও রামদা) নিয়ে তাঁদের ওপর চড়াও হন এবং বাদীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন।
এছাড়া সীমানা পিলার, কাঁটাতার ও বাঁশ ভাঙচুর করে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। মামলা দায়েরের পর বাদী ইসমাইল হোসেন অতিরিক্ত অভিযোগ করে বলেন, সরকারি খাল, বিল ও ডোবা মসজিদের নামে ইজারা এনে ময়না মিয়া ও তাঁর লোকজন সেগুলোর টাকা নিজস্ব খাতে ব্যবহার করছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।
মামলায় অভিযুক্ত ১০ জন হলেন— ১. মো. ময়না মিয়া (৬০), ২. বকুল মিয়া (৪২), ৩. বাবলু মিয়া (৪৮), ৪. সিরাজ মিয়া (৪০), ৫. রুকন মিয়া (৩০), ৬. কবির মিয়া (৩২), ৭. দবির মিয়া (২৭), ৮. আবু সাইম (২৯), ৯. রাজ মিয়া (২৬) এবং ১০. আল আমিন মিয়া (২৪)। বাদী আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৮২ ও ৩৪ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহুতলা গ্রামের জীবন রায়ের জমি ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের দাবি, জমিজমা সংক্রান্ত এসব বিরতিহীন ভয়ভীতি ও নিরাপত্তার অভাবে এলাকার একাধিক পরিবার ভিটা ছেড়ে শহরে ব্যবসা বা চাকরিতে চলে গেছেন, এমনকি অনেকে ভারতেও পাড়ি জমিয়েছেন।
অন্যদিকে, মামলার প্রধান বিবাদী মো. ময়না মিয়ার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ অস্বীকার করে
ঘটনার দিন মূলত আমি বাড়িতেই ছিলাম না, অথচ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। গাছ কাটার বিষয়টি সত্যি হলেও এই জায়গা সংক্রান্ত ঝামেলার কারণে পুরো গ্রামবাসী ভুগছেন।
এলাকার সচেতন মহল নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।




















