চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৮:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বই পড়া, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থেকে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার নবীনদের স্বাগত জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পরামর্শ দেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



















