সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদক থেকে তরুনদের ফেরাতে সরকার নতুন কুড়ি ২৬ চালু করেছে : ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৩১ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে পরেছে তরুণ-কিশোররা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন কুঁড়ি-২৬ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার ৩১ মে বেলা ১২টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটরিয়ামে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে দেশের নামকরা একাডেমিগুলোকে হারিয়ে পঞ্চগড়ের বোদার টুস্টার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকদের এগিয়ে এসে শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম।
এ সময় অভিভাবকদের প্রতি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই সাফল্য প্রমাণ করেছে, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা কতটা উজ্জ্বল। তাই বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, টুস্টার ফুটবল একাডেমি কোচ ও পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল সহ খেলোয়াড়েরা।
পরে প্রতিমন্ত্রী খেলোয়াড়দের সংবর্ধনা স্মারক, ও মেডেল তুলে দেন।




















