স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান
- আপডেট সময় : ১২:০৩:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, সেবার মান, অবকাঠামো, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর উপস্থিতি এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাই করতে সরেজমিন পরিদর্শনের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
রবিবার ২৩ আগস্ট দেয়া ওই চিঠিতে দ্রুত প্রয়োজনীয় পরিদর্শন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে এমপি হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেবিদ্বার শুধু উপজেলার মানুষের জন্য নয়, আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। এ কারণে উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স ও অনুমোদন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম এবং সরকারি নির্ধারিত নীতিমালা ও শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না—তা যাচাই করা জরুরি। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরিদর্শনের বিকল্প নেই।
আবেদনে দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিন পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, অনুমোদন, জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান যাচাইয়ের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
পরিদর্শন শেষে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি করে কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, কোথায় অনিয়ম রয়েছে এবং কোনো প্রতিষ্ঠান অনুমোদনহীন বা নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে কি না—এসব তথ্য তুলে ধরার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া অনিয়ম শনাক্ত হলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অনুমোদনহীন বা অবৈধ প্রতিষ্ঠান বন্ধসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন এমপি হাসনাত আব্দুল্লাহ।
তিনি আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় পরিদর্শন, মান যাচাই ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তদারকি ব্যবস্থাকে দায়ভার নিতে হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।
দেবিদ্বারকে নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় ও আশপাশের উপজেলার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এমপি হাসনাত আব্দুল্লাহ।
চিঠির অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন, দেবিদ্বার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।




















