কুমিল্লায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সচেতনতা সভা
- আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : ‘পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কুমিল্লা গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে কুমিল্লায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নিউ মার্কেটে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকর দিক, পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব এবং এসবের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাজারগুলোতে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারে ব্যবসায়ী ও ক্রেতাদের উৎসাহিত করতে হবে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে পাটের ব্যাগ বিতরণ করা হয় এবং ক্রেতাদেরও পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১) সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপসচিব (জলবায়ু পরিবর্তন-৩) মোহাম্মদ রাজীব সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক সালমান চৌধুরী শাওন, সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম ও পরিদর্শক জোবায়ের হোসেন।
সভায় উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্ট সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়; এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও অব্যাহত থাকবে।




















